৩০ ডিসেম্বর ২০১৫ - ০৪:১০
আফগানিস্তানে বিমান হামলায় ৬৮ তাকফিরি সন্ত্রাসী দায়েশ নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে বিমান বাহিনীর হামলায় অন্তত ৬৮ তাকফিরি সন্ত্রাসী দায়েশ নিহত হয়েছে।

আবনা ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে বিমান বাহিনীর হামলায় অন্তত ৬৮ তাকফিরি সন্ত্রাসী দায়েশ নিহত হয়েছে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি এ কথা জানিয়েছেন।
তিনি জানান, আচিন জেলায় এ বিমান হামলা চালানো হয়েছে। রাজধানী কাবুল থেকে প্রায় দেড়শ’ কিলোমিটার পূর্বে এটি অবস্থিত। চলতি মাসের গোড়ার দিকে আফগানিস্তানে বিমান এবং স্থল অভিযানে অন্তত ৪০ দায়েশ নিহত হয়েছে। এ ছাড়া, আচিন জেলায় দায়েশের বেতার কেন্দ্রও ধ্বংস করে দেয়া হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে নানগারহারে সশস্ত্র সন্ত্রাসীদের দায়েশে যোগ দেয়ার সংখ্যা বেড়েছে। তবে, আফগানিস্তানে সন্ত্রাসী তৎপরতা না চালানোর জন্য দায়েশ চক্রের হোতা ইব্রাহিম আল-সামাররাই ওরফে আবু বকর আল খলিফাকে হুঁশিয়ার করে দিয়েছে দেশটির তালেবান।#